বগুড়ায় জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় শীতের শুরুতেই গরম কাপড় কেনা বেচার দোকান গুলোতে ভীড় জমতে শুরু করেছে। শহরের বিলাসবহুল মার্কেট গুলোতে শীতের কাপড় কেনার ভীড় তেমন চোখে না পরলেও ফুটপাত এবং হকার্স মার্কেট গুলোতে উপছে পড়া ভিড় চোখে পড়েছে। এসকল দোকানে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তপরিবার গুলো শীতের কাপড় কিনতে ভীড় করছেন।
মৌসুমি ব্যবসায়ীরা শহরের সড়কের পাশে কাপড়ের দোকান সাজিয়ে বসেছেন। বগুড়ার হাট-বাজার ও ফুটপাত থেকে শুরু করে আধুনিক শপিং মলে এখন ক্রেতাদের চাপ বাড়তে শুরু হয়েছে।
সরেজমিনে বগুড়ার সাতমাথা গিয়ে দেখা যায়, দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে সোয়েটার, জ্যাকেট, কোর্ট, টুপি, প্যান্ট, টাওজার, মুজা, বাচ্চাদের নানা ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে রেখেছে। সেখানে বেশি বিক্রি হচ্ছে ছোট বাচ্চাদের শীতের কাপড়। দোকানগুলোতে ১০০টাকা থেকে শুরু করে ৬০০টাকার কাপড় পাওয়া যাচ্ছে।
বগুড়ার হকার্স মার্কেটে শীতের কাপড় কিনতে আসা একজন জানান, আমি গরিব মানুষ, রিক্সা চলে খাই। বাড়িতে ৬জন মানুষ। শীত আসিচ্ছে তাই পরিবারের লোকজনের জন্য গরম কাপড় কিনিচ্ছি ৪২০টাকা দিয়ে ছোট বড় ৭টা কাপড় কিননু।
হকার্স মার্কেটের বিক্রেতারা বলেন, ক্রেতাদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে আমরা সব ধরনের কাপড় দোকানে রেখেছি। আমাদের কাছে এবার জিন্স, ফুল স্লিভ, টি-শার্ট, ফুল স্লিভ পোলো শার্ট ও জ্যাকেট নতুন এসেছে।
মার্কেটে কাপড় কিনতে আসা ক্রেতা বলেন, এটা গরিবের মার্কেট হিসেবে পরিচিত। এখানে সব শ্রেণি-পেশার মানুষ গরম কাপড় কিনতে পারে। কাপড়ের দাম হাতের নাগালে থাকায় সবাই সাধ্যমতো গরম কাপড় কিনতে পারেন। ‘মোটামুটি শীত চলে এসেছে, তাই আমার জন্য এবং পরিবারের জন্য শীতের পোশাক কিনলাম। নিউমার্কেটে, রানার প্লাজা, অন্যান্য শপিংমলের ভেতর থেকে কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে, তাই বাইরে থেকে কিনছি। প্রতি বছরের তুলনায় এবার দাম একটু বেশি নিচ্ছে। শীতবস্ত্র যেহেতু লাগবেই তাই টাকার কথা চিন্তা করছি না।
শহরের প্রানকেন্দ্র সাতমাথার মোড়ে ফুটপাতে শীতের জামা বিক্রেতা বলেন, ‘শহরে কেবল শীত পড়ল, শীতের শুরুতে ভালোই বিক্রি হচ্ছে। আমরা লট হিসেবে মাল কিনে খুচরা বিক্রি করছি। একদাম ৮০০ টাকায় প্রতিটা লেদারের জ্যাকেট বিক্রি করি। প্রতিদিন ১৫-২০টি করে সেল হয়।’
শীতবস্ত্র ব্যবসায়ী বলেন, ‘শহরে শীত পড়েছে শীতের শুরুতেই ব্যবসা ভালো হয়। বিশেষ করে বিদেশী কম্বল, জ্যাকেট, লেদার জ্যাকেটের চাহিদা বেশি।’
এদিকে শীতের কাপড়ের মার্কেটের পাশাপাশি শহরের খোকন পার্ক এলাকায় কম্বলের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

No comments