শিরোনাম

নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ: ভিডিও ভাইরাল | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

দ্বাদশ জাতীয় নির্বাচনে টাঙ্গাইলে নৌকায় ভোট না দিলে বিএনপির কর্মী-সমর্থকদের কেন্দ্রে যেতে নিষেধ করেছেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ। সম্প্রতি তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মির্জাপুর উপজেলার হাটফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি উপস্থিত জনগণের মাঝে বলছেন, ‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে, বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে-ই আমাদের এমপি হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তার অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কিনা?’

জানা গেছে, আব্দুর রউফ মিয়া ২০১৭ সালে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচিত হন। এরপর তিনি ওই বছরের ২০ আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত এমপি মো. একাব্বর হোসেনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। পরে ২০২১ সালে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান।

এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার কথা বলেছেন। তার এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এ বক্তব্যের দায় শুধু তাকেই বহন করতে হবে।’

এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments