বগুড়ায় ‘পুলিশ পেটানো’ সেই যুবলীগ নেতা আটক | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
এ বিষয়ে মোকামতলা ইউপি চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহসান হাবীব সবুজ জানান, হাটের টাকা বাকি রাখায় উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাকে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করেননি। ফলে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।
বগুড়ায় মোকামতলার পুলিশ সদস্যকে পেটানোর আলোচিত সেই যুবলীগ নেতা মাহমুদুল হাসান ওরফে আপেল সরকারকে আটক করেছে প্রশাসন। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাট-বাজারের ইজারাদার ও স্থানীয় যুবলীগের সাধারণ সম্পাদক। হাট ইজারা নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা না দেওয়ায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় জয়পুরহাট রাস্তার মোড় থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের উপস্থিতিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। এর আগে তিনি দায়িত্বরত এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় আলোচিত-সমালোচিত হন।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, চলতি (১৪৩০ বাংলা) সনের হাট ইজারা নেন তিনি। ভ্যাটসহ যার ইজারা মূল্য এক কোটি ৫২ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। ওই টাকার অবশিষ্ট ৮২ লাখ ৭৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়েই তিনি হাট পরিচালনা করছেন। বিষয়টি একাধিকবার নোটিশ করেও সুরাহা হয়নি।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আপেল সরকারকে আটকের পর মাইকিং করে ইজারাদারের লোকদের খাজনা না দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে খাজনা আদায় করা হবে বলেও জানানো হচ্ছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টাকা পরিশোধ করলে ছাড়া পাবেন। অন্যথায় সংশ্লিষ্ট আইনে মামলা হবে।

No comments