শিরোনাম

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা বেশি : ইসি আলমগীর | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছিল। এবার সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, অতীতের মতো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে কাজ করবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিদেশিদের চাপের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রতি কারও কোনো চাপ নেই। বিদেশিরা কখনই আমাদের চাপ দেয়নি। আমাদের চাপ দেয়ার অধিকারও তাদের নেই। 

বিএনপির নির্বাচনে আসার সুযোগ আছে কিনা প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী এই মুহূর্তে কোনো সুযোগ আছে বলে আমরা দেখছি না। যদিও এরপরে কেউ যদি নির্বাচনে আসতে চায় তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে।

তিনি জানান, আসছে নির্বাচনে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২জন পর্যবেক্ষক ও ৪৬জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ। 

No comments