শিরোনাম

সোনাতলায় রাম দা’র কোপে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন একজন গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ার সোনাতলায় বুধবার সকাল ৭টার দিকে প্রতিপক্ষের রাম দা’র কোপে এক ব্যক্তির বাম পা বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবুল মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে। 

আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের গ্রাম করমজা গ্রামের ছালেক উদ্দিন গাদলুর পরিবারের সাথে একই গ্রামের টুকু প্রামানিকের পরিবারের সদস্যদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এমনকি বিরোধপূর্ণ  জমিটি নিয়ে আদালতে পৃথক মামলা রয়েছে।

সম্প্রতি সেই মামলাটি তুলে নেয়ার জন্য বাদি পক্ষের আব্দুর রশিদকে টুকু প্রামানিকের ছেলে রনজু মিয়া, মুনজু মিয়া ও আলমগীর হোসেন চাপ দেয়। এতেও মামলাটি না তুলে নেয়ায় বুধবার আব্দুর রশিদ (৩৭) এর ওপর বেকারমোড় বাজারের অদূরে হামলা চালায়। 

এ সময় তারা রামদা দিয়ে রশিদকে এলোপাতাড়ী কোপাতে থাকে। এক পর্যায়ে তারা রামদা দিয়ে রশিদের দু পায়ে আঘাত করে। এতে রশিদের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও ডান পাটি শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ একই গ্রামের আজিজার রহমান প্রামানিকের ছেলে বাবুল মিয়া (৩২) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, তাদের দু’পক্ষের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এমনকি আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলাটি তুলে নিতে বাদিকে চাপ দেয়। এতে বাদি রাজি না হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।


No comments