চেয়ারে বসা কাজে ভয়ংকর ক্ষতি হচ্ছে না তো, যা বলছেন চিকিৎসক | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
বাসা-বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অফিস-আদালতে চেয়ারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয় আমাদের। ল্যাপটপ, ডেস্কটপ বা অফিসের ফাইল নিয়ে ঘাড় নিচু করে কাজ করতে হয়। সপ্তাহে ৫ থেকে ৬ দিন এভাবে কাজ করার নিয়ম। আর দিনে অফিসভেদে ৬ থেকে ৯ ঘণ্টা সময় কাজ করতে হয়।
পেশাগত কারণে কাজের ধরণ ভিন্ন হলেও চেয়ারে বসে কাজ কিন্তু সবারই করতে হয়। আর দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজের কারণে ভয়ংকর বিপদ হয়। যা খুব কম মানুষই জানেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজের কারণে চোখের সমস্যা, চেয়ার বসে থাকার জন্য স্থূলতা পর্যন্তই সমস্যা সীমাবদ্ধ নয়। এর বাইরে পায়েরও সমস্যা হয়ে থাকে। হাড়ের জয়েন্ট থেকে শিরার সমস্যাও হয়।
পায়ের জন্য ক্ষতিকর ডেস্ক জব: ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে ভাসকুলার সার্জন ডা. রাজীব পারেখ জানিয়েছেন, পা ঝুলিয়ে দীর্ঘক্ষণ কাজের জন্য ভ্যারিকোজ ভেনের সমস্যা হয়ে থাকে। আবার কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের নানা সমস্যা হয়। কোনো নড়াচড়া না হওয়ার জন্য ওজন বেড়ে যাওয়া শুরু করে অন্যসব সমস্যাও বাড়তে থাকে।
পা ঝুলিয়ে কাজ করলে যেসব ক্ষতি হয়: এ চিকিৎসক জানিয়েছেন, এক টানা পা ঝুলিয়ে কাজ করলে পা দুর্বল হয়ে পড়ে। হাড়ের জয়েন্টে প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনেও সমস্যা হয়। নড়াচড়া না হওয়ার জন্য রক্ত সঞ্চালনের গতি হ্রাস পায়। ফলে পায়ে রক্ত জমা হতে থাকে, শিরা ফুলে উঠে। চামড়ার উপর স্পষ্ট হয়ে উঠে শিরা। রক্ত জমে নীলচে হয়ে যায়। আর এভাবে চলতে থাকার ফলে তীব্র ব্যথা শুরু হয় এবং পা ভারী ভারী অনুভব হয়।
ভেরিকোজ শিরা কী: ভেরিকোজ শিরা বা ভেরিকোজ ভেনের সমস্যা পায়ে হয়ে থাকে। বিশেষ করে পায়ের আঙুল, হাঁটু, উরু, পায়ের মাসলে ভেরিকোজ শিরা ফুটে উঠার মতো প্রবণতা দেখা দেয়। তবে শুধু বসে থাকার কারণে নয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও এই সমস্যা হয়ে থাকে। কখনো কখনো ভেরিকোজ শিরা একে অপরের সঙ্গে পেঁচিয়ে গিয়ে সমস্যা আরও তীব্র করে।
কারা ঝুঁকিতে: সাধারণত নারীদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। ভেরিকোজ শিার সমস্যা থাকলে পা তীব্র ব্যথ্যা হয়। দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকার কারণে ভেরিকোজ ভেইনের সমস্যা হয়ে থাকে। এছাড়া মেনোপজ, অতিরিক্ত ওজন, পরিবারের কারও যদি আগে থেকেই এই ধরনের সমস্যা থাকে তাহলে ঝুঁকির পরিমাণ বাড়ে।
সমাধান: দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে রাখলে শিরায় রক্ত জমে। এ জন্য যারা ডেস্কে বসে কাজ করেন, তাদের ভেরিকোজ শিরার সমস্যা এড়াতে মাঝে মাঝে পা নাড়াতে হবে। কাজের ফাঁকে ফাঁকে পা সোজা করতে হবে। মাঝে মাঝে ব্রেক নিয়ে দু-এক মিনিট করে হাঁটতে হবে। পা যেন মাটিতে বা ফ্লোরে স্পর্শ করা যায়, সেই চেষ্টা করতে হবে।
No comments