বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে-ইউএনও সুমন জিহাদী | Bogura TV | বগুড়া টিভি
জাহিদ হাসান, ( শেরপুর ) বগুড়াঃ
বগুড়ার শেরপুরে বাজার নিয়ন্ত্রণ ও পণ্যের সঠিক দাম নির্ধারণের লক্ষ্যে উপজেলার পৌরসভাস্থ রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচারনা করে জরিমানা করা হয়েছে।
১৮ জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১২ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস, এম রেজাউল করিম, বগুড়া র্যাব-১২ সহকারী পরিচালক সিপিএসসি, মো: সোহেল রানা, খাদ্য পরিদর্শক মো: রকিবুল ইসলাম। এ সময় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দেশের অসাধু ব্যবসায়ীদের দ্বারা সৃষ্ট অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে রাখতে নড়েচড়ে বসেছে শেরপুর উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে ১৮ জানুয়ারী শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মো. সাইদুর রহমানের মুদির দোকানে প্লাস্টিকের বস্তা রাখায় ৩ হাজার টাকা, মোস্তফা, আব্দুল ওয়াহাব ও জাহাঙ্গীর আলমের দোকানে পণ্যের সঠিক দাম না নেয়ায় পর্যায়ক্রমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এতে র্যাব সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী বলেন, ‘যারা ব্যবসার নামে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে। এছাড়াও প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।’

No comments