পাটুরিয়ায় ফেরিডুবি: ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীরে ভেড়ার সময় রজনীগন্ধা নামের ফেরি ডুবি গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ইতোমধ্যেই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ছাড়াও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ও নৌবাহিনীর ডুবুরি দল। সেই সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সাতটি ছোট ট্রাক ও দুইটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে রজনীগন্ধা ফেরি। তবে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি ফেরি রজনীগন্ধা ডুবে যায়।

No comments