হাইকোর্টের তলবে হাজির ভিপি নুর | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় আদালত অবমাননার মামলায় ব্যাখ্যা দিতে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হন তিনি।
এর আগে গত ১১ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে হাইকোর্টে তলব করা হয়। এছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আজ সে বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন নুর।
নুরুল হকের দেয়া বক্তব্য নিয়ে গত ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। সম্প্রতি প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় বলেও জানান সহকারী অ্যাটর্নি জেনারেল।

No comments