শিরোনাম

‘আল্লাহর কাছে শুকরিয়া’, শপথ গ্রহণের আগে প্রতিমন্ত্রী পলক | Bogura TV | বগুড়া টিভি

‘আল্লাহর কাছে শুকরিয়া’, শপথ গ্রহণের আগে প্রতিমন্ত্রী পলক


বগুড়া টিভি ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিংড়া-৩ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন পলক।

এদিকে, বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। এদিন জাতীয় সংসদের শপথকক্ষে সকাল ১০টায় তাদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার। আর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিপরিষদ।

এদিন সংসদে শপথবাক্য পাঠ করার আগ মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক দিনে যে শপথ গ্রহণ করতে পারছি, এজন্য আমরা খুবই ধন্য। মহান আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করি।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট নাগরিকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া।’

এর আগে গত ৭ জানুয়ারি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর নিজ বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মী- সমর্থকদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার মানুষ আমাদের ভোট, ভালো, বিশ্বাস ও মর্যাদা দিয়েছে। আজ আমরা কোনো বিজয় মিছিল করব না, কোনো আতশবাজি ফোটাব না, কোনো ধরনের সহিংসতা করব না। ভালোবাসা দিয়ে সবার জন্য আমরা সিংড়াকে নান্দনিক-মানবিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব। এটাই আমাদের অঙ্গীকার।

No comments