শিরোনাম

পাঠ্যপুস্তক নিয়ে এবার বিবৃতি দিলো এনসিটিবি | Bogura TV | বগুড়া টিভি

পাঠ্যপুস্তক নিয়ে এবার বিবৃতি দিলো এনসিটিবি

বগুড়া টিভি ডেস্কঃ

নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক নিয়ে এবার বিবৃতি দিল পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণ প্রতিষ্ঠান জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড (এনসিটিবি)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষানুরাগী, সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ সালের বইয়ের বস্তুনিষ্ঠ আলোচনা ও গভীর পর্যবেক্ষণে যে সকল বিষয় উঠে এসেছে তা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি।

উল্লেখ্য যে, বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের সময় আমরা সকল শুভানুধ্যায়ীদের প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা অবহিতকরণের সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করেছিলাম। আপনারা আমাদের সে আহবানে তাৎপর্যপূর্ণ ইতিবাচক মতামত দিয়েছেন। 

আপনাদের এই তাৎপর্যপূর্ণ মতামত আন্তরিকতার সাথে গ্রহণ করে আমাদের বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ণপূর্বক সংশোধনীসমূহ অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে প্রেরণ করা হবে। যারা আমাদের নানা তথ্য, উপাত্ত, যৌক্তিক বিশ্লেষণ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে পাঠ্যপুস্তকের মানোন্নয়নে সহায়তা করছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য,বেশ কিছুদিন ধরে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার তুঙ্গে ছিলো নতুন প্রণীত পাঠ্যবইগুলো ৷

No comments