বগুড়ায় নতুন বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে উল্লাসে কোমলমতি শিক্ষার্থীরা | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও। ১ লা জানুয়ারি সোমবার বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০ টায় উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবীর।
এ সময় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রসাশক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহা: আব্দুর রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফছানা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সহ জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বরত ম্যাজিস্ট্রেটবৃন্দ।
নতুন বই পেতে শীতের সকালকে উপেক্ষা করে সকাল সকাল স্কুলে উপস্থিত হন শিক্ষার্থীরা। কোমলমতি শিক্ষার্থীরা বুকের সঙ্গে দুই হাত দিয়ে নতুন বইগুলো জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এসময় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ুন কবির বলেন, শিক্ষাকে মানসম্মত করা এবং ঝরে পড়ার হার রোধ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি 'বই উৎসব' করে আসছে।
২০১০ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ৪৬৪ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ২০১৭ সাল থেকে সরকার সংখ্যালঘু জাতিগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যায়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং সাদরি ভাষার বই বিতরণের পাশাপাশি অন্ধ শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।
জেলা শিক্ষা অফিসার জানান, জেলার ১২টি উপজেলার প্রাথমিক স্তরে ২৪৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লক্ষ ৭৭ হাজার ২৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ২০ লক্ষ ৭০ হাজার ১৮০টি বই বিতরণ করা হয়েছে এবং ১২ টি উপজেলা মাধ্যমিক স্তরে ৭৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লক্ষ ৫৯ হাজার ৭৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ লক্ষ ৩১ হাজার ২৩ টি বই বিতরণ করা হয়েছে।

No comments