যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতরা হলেন হোসেনপুর উপজেলার একে মোস্তাকিম আরেফীন (২৬), হাবিবুর রহমান (৪০), কুলসুম (৫০), পাকুন্দিয়া উপজেলার আলম মিয়া (৪০), নান্দাইল উপজেলার আসন মিয়া (৫০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার শাহজাহান সিরাজ (৪০)। এর মধ্যে মোস্তাকিম আরেফীন, আলম ও আসন মিয়া গুরুতর আহত হয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফারুক প্রধান বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পাকুন্দিয়া থানার এস আই মো. নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পেরেছি বাসে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

No comments