হিলিতে বেড়েছে শীত, সঙ্গে কার্পেট-কম্বলের চাহিদাও | Bogura TV | বগুড়া টিভি
জয়নাল আবেদীন জয়, হিলি, ( দিনাজপুর ) প্রতিনিধিঃ
শৈত্যপ্রবাহের কারণে দিনাজপুরের হিলিতে বিক্রি বেড়েছে কার্পেট আর কম্বলের। প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা হিলিতে আসছেন কার্পেট ও কম্বল কিনতে। প্রতিদিন মাইক্রোবাস, সিএনজি, বাইকযোগে হিলিতে আসছেন তারা। বুধবার ( ২৪ জানুয়ারি) সকালে হিলি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
বিক্রেতারা বলছেন, এই শীতের মৌসুমে কম্বল ও কার্পেট একটু বেশি বিক্রি হয়। বর্তমানে বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। আর ক্রেতারা বলছেন, কিছুদিন ধরেই উত্তর জনপদে শৈত্য প্রবাহ চলছে। সঙ্গে ঘনকুয়াশা। তাই শীত নিবারণের জন্য তারা হিলিতে আসছেন কম্বল ও কার্পেট কিনতে।
কথা হয় বগুড়া থেকে মাইক্রো নিয়ে হিলিতে আসা গোবিন্দ চন্দ্রের সঙ্গে। তিনি বলেন, এসব কম্বল ও কার্পেট বগুড়াতেও পাওয়া যায়। কিন্তু দাম তুলনামুলক বেশি। তাই পরিবার নিয়ে হিলিতে এসেছি। কম্বল-কার্পেটের পাশাপাশি অন্য কেনাকাটাও করবো। এ জন্যই হিলিতে আসা। বিভিন্ন দোকান ঘুরে দেখছি। পছন্দ হলে কিনবো।’
তিনি আরো বলেন, ‘এখানে ৪ কেজি ওজনের যে কম্বল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। বগুড়ায় সেই কম্বল ৩ হাজার টাকা নিচে পাওয়া যাবে না। গাইবান্ধা থেকে মো, সাইদুল ইসলাম এসেছেন কার্পেট কিনতে। সাইদুল ইসলাম বলেন, ‘গাইবান্ধায় প্রচণ্ড শীত। শীতের কারণে পায়ে মোজা দিয়ে ফ্লোরে (মেঝেতে) হাঁটাচলা করা সম্ভব হচ্ছে না। তাই ঘরের জন্য কার্পেট কিনতে এসেছি। হিলিতে ৭ ফিট বাই ৯ ফিট যে কার্পেট ৯৫০ টাকা যাচ্ছেন। সেই কার্পেট আমাদের ওখানে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকার নিচে পাওয়া যাবে না। এছাড়া মেয়েদের জন্য সুয়েটার, বাড়ির জন্য মসলাপাতি কেনার ইচ্ছে আছে। এখনো তো সব দোকান খোলেনি। খোলার পর দেখেশুনে কিনবো।
হিলি বাজারের বৃষ্টি গার্মেন্টেসের মালিক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শৈত্যপ্রবাহ আর তীব্র শীতের কারণে এই বছর কম্বল আর কার্পেটের চাহিদা বেড়েছে। আমরা ৭ ফিট বাই ৯ ফিট কার্পেট ৯৫০ টাকা আর ৯ ফিট বাই ১১ ফিট কার্পেট ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা দরে বিক্রি করছি। আমাদের ব্যবসা তো মৌসুমি ব্যবসা। শীতের পরে আর তেমন বিক্রি হয় না।’
হিলিবাজারের শৌখিন বস্ত্রালয়ের মালিক মো. আলমগীর হোসেন বলেন, ‘গেলো বছরের চেয়ে এই বছর শীতবস্ত্র একটু বেশি বিক্রি হচ্ছে। এরমধ্যে মেয়েদের সুয়েটার, কম্বল, কার্পেট ক্রেতার সংখ্যায় বেশি। আমরা ৪ কেজি ওজনের কম্বল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আর সাড়ে ৮ কেজি ওজনের কম্বল ৩ হাজার ৯০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি।

No comments