তাইওয়ানের নির্বাচন: বিশ্বনেতাদের ওপর ক্ষুব্ধ চীন | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
তাইওয়ানের নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন চীন বিরোধী নেতা লাই চিং তে। তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। কিন্তু এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছে চীন। কারণ, নির্বাচনে জয়ী ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং তে’র পরাজয় চেয়েছিল বেইজিং। খবর দ্য গার্ডিয়ানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ডিপিপি নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র তাইওয়ানের জনগণকে অভিনন্দন জানান। আগামী সপ্তাহে তাইওয়ানে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
লাই চিং-তে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র চায় মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান। চায় জবরদস্তি ও চাপমুক্ত পরিবেশ।
তবে যুক্তরাষ্ট্রের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটন সাংস্কৃতিক, অর্থনৈতিক ও অন্যান্য অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখার যে প্রতিশ্রুতির কথা বলে আসছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে তা গুরুতরভাবে লঙ্ঘন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাও তাইওয়ানের ডিপিপিকে নির্বাচনে জয়ের জন্য শুভকামনা জানিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, শনিবারের নির্বাচনের ফলাফল ছিল তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রের প্রমাণ।
অন্যদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়ার শুভকামনা জানানোর বিবৃতিতে তাইওয়ানকে গুরুত্বপূর্ণ সহযোগী ও বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে। একে টোকিওর চীনা দূতাবাস অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
শনিবার (১৩ জানুয়ারি) তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছেন লাই। তিনি ডিপিপি নেতা সাই ইং ওয়েনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
তাইওয়ান নিজেকে স্বাধীন-সার্বভৌম মনে করে। তবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। প্রয়োজনে একে জোর করে একীভূত করার কথাও বলে আসছেন চীনের নেতারা। লাই চিং-তে জয়ী হওয়ায় বিশ্লেষকেরা মনে করছেন, চীন থেকে আরও দূরে সরে যাবে তাইওয়ান। তবে বেইজিং তাদের প্রতিক্রিয়ায় বলেছে, তাইওয়ানের পুনরেকত্রীকরণ এখনো ‘অনিবার্য’।

No comments