পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি খেলা হচ্ছে না কিউই তারকা ক্রিকেটারের | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। দলটির তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনকে ছাড়াই বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হবে কিউইদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে অবসর হয়ে উঠে যাওয়া এই ব্যাটারের স্ক্যান করানো হবে। উইলিয়ামসন না থাকায় বাকি ম্যাচগুলোতে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন তা এখনও নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড। প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।
গত আইপিএলে পাওয়া চোটের কারণে দীর্ঘদিন মাঠে বাইরে ছিলেন উইলিয়ামসন। অক্টোবরে বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরলেও আবারও চলে যেতে হয়েছিল বাইরে। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেন তিনি। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্রামে ছিলেন এই তারকা ক্রিকেটার। বিশ্রাম কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফেরা উইলিয়ামসন আবার পড়লেন চোটে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় মাঠে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ে চিকিৎসা নেন উইলিয়ামসন। একপর্যায়ে মাঠ ছেড়েই উঠে যান তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি অংশেই আর মাঠে নামার সম্ভাবনা নেই উইলিয়ামসনের। সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।

No comments