বগুড়ায় দুই ক্লিনিক ও ব্লাড ব্যাংককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা | Bogura TV | বগুড়া টিভি
সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।
রোববার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয় যৌথ এই অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয় সূত্র জানায়, শহরের কানুছ গাড়ি এলাকার মা ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক ও শতদল কমিউনিটি হাসপাতালের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই সেখানে হাসপাতালের কার্যক্রম, অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান ছিল না। এজন্য মা ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কর্তৃপক্ষকে ২ লাখ ও শতদল কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷
এছাড়াও ঠনঠনিয়া এলাকার সেবা ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। তাদেরও কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন ছিল না। সেখানে ফ্রিজ থেকে মেয়াদের তারিখ ছাড়া রক্তের ১০টি ব্যাগ উদ্ধার করা হয়। এইসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠান জরিমানার টাকা পরিশোধ করলে সিলগালা দিয়ে বন্ধ করা হয়৷

No comments