শিরোনাম

আশরাফুলের নির্বাচক হওয়ার প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের নিয়ে ব্যাপক সমালোচনা হয়ে আসছে। এর মধ্যে ভারত বিশ্বকাপে ব্যর্থতার কারণে তাদের প্রত্যাহারের আহ্বান জানায় ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে সে সময় টাইগারদের নির্বাচক হওয়ার কথা জিজ্ঞাস করলে তিনিও আগ্রহ প্রকাশ করেন। আশরাফুল জানান, সুযোগ আসলে সিলেক্টরের দায়িত্ব নিতে চান। 

বিশ্বকাপ পরবর্তীও সবচেয়ে বেশি আলোচনায় নির্বাচক পরিবর্তন। চলতি মাসের শেষ তারিখে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের। যে কারণে ঘুরেফিরে আসছে আশরাফুলের নাম। 

বিষয়টি নিয়ে শনিবার (১৬ ডিসেম্বর)  মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন যে কেউই তাদের ইচ্ছার কথা প্রকাশ করতে পারবে।

পাপন বলেন, ‘দেখেন, আমাদের একটা কমিটি আছে। ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।’

নতুন নির্বাচকদের নাম কবে ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, ‘আমাদের চিন্তাভাবনা ৭ (জানুয়ারি) তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবো। যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিনদিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।’

No comments