শিরোনাম

নতুন অধিনায়কের নাম ঘোষণা কলকাতার | Bogura TV | বগুড়া টিভি




বগুড়া টিভি ডেস্কঃ

আইপিএল শুরু হতে এখনও বাকি অনেক সময়। ইতোমধ্যেই দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে আইপিএল। সেই আসরকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 

গত মৌসুমে ইনজুরির কারণে আইপিএল খেলা হয়নি শ্রেয়াস আয়ারের। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল নীতিশ রানার কাঁধে। তবে এবার কলকাতার জার্সিতেই দেখা যাবে আয়ারকে। আসন্ন মৌসুমের জন্য শ্রেয়াস আয়ারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে কলকাতা। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নীতিশ রানা। 

কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘ইনজুরির কারণে গত আইপিএল খেলতে পারেনি শ্রেয়াস, যা ছিল দুর্ভাগ্যজনক। তবে এবার সে খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে আয়ার। যেভাবে সে ইনজুরিকে কাটিয়ে উঠেছে তা দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’

আইপিএলের গত মৌসুমে বাজে সময় পার করেছে কলকাতা। ১৪টি ম্যাচের মধ্যে কেবল ৬টি ম্যাচে জয় পেয়েছিল তারা। শেষ চারে থাকার দারুণ সুযোগ ছিল কেকেআরের সামনে, কিন্তু শেষদিকে টানা কয়েকটি ম্যাচ হেরে সেই সুযোগ হারায় নীতিশ রানার দল। 

উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর হয়েছে তাদের। আগেরবারের চেয়ে শক্তিশালী দল গঠন করাই এবার মূল লক্ষ্য কলকাতার। 

No comments