শিরোনাম

ব্যারিস্টার সুমনকে শোকজ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করেছেন আদালত। স্থানীয় চুনারুঘাট উপজেলার জনাকীর্ণ বাজারে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন সুমন। এমন অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের অনুসন্ধান কমিটি কার্যালয় থেকে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই নির্দেশ দেন। 

এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) এক পত্রে এর ব্যাখ্যা দিতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক আগামী ৭ ডিসেম্বর সুমন ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির দেয়া পত্রে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, সেটি একটি জনাকীর্ণ বাজার। দ্বিতীয়ত, নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ উক্ত বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়নি।

ফলে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। আগামী ৭ ডিসেম্বর তারিখের মধ্যে ব্যারিস্টার সুমনকে এই কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।

পত্রটির অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন), হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

No comments

Create Photocard

Loading...