ভারতে অবৈধভাবে বসবাস ও অর্থ পাচার, ৯ বাংলাদেশি আটক | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
অবৈধ ভাবে ভারতে বসবাস ও অর্থ পাচারের অভিযোগে মুম্বাই থেকে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বুধবার (১৪ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ের সেউরই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৈধ কাগজপত্র না থাকা, অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাচার এবং ভুয়া আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) প্রস্তুতকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, এর আগে ডিসেম্বরের শুরুতে অর্থ পাচারের অভিযোগে মুম্বাই থেকে একজন পুরুষ এবং এক নারীকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।
গ্রেপ্তার ওই দু’জনকে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সেউরই এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার একাধিক ভবন থেকে গ্রেপ্তার করা হয় আরও ৭ জনকে।
No comments