শিরোনাম

বোর্ডের নির্দেশে আইপিএল থেকে নাম প্রত্যাহার বিশ্বজয়ী তারকা ক্রিকেটারের | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ


বিশ্ব ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছিলেন। তবে গত তিন বছর ধরে চোটের সঙ্গে ভুগছেন তিনি। আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া একের পর এক বড় বড় প্রতিযোগিতায় তিনি অনপুস্থিত। এবার সে তালিকায় যুক্ত হলো ২০২৪ সালের আইপিএল আসরও। 


সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডই (ইসিবি) তাকে নির্দেশ দিয়েছে নিলামে নাম না দেয়ার জন্য। 


আরও পড়ুন: চূড়ান্ত হলো কোপা আমেরিকার ১৪টি ভেন্যু, ফাইনাল হবে মেসির মায়ামিতে

গত মাসের ২৬ নভেম্বর আইপিএলের আগামী আসরের জন্য ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখানে আট কোটি রুপি খরচ করে দলে টানা আর্চারকে মুম্বাই ছেড়ে দেয়। তাই তাকে পেতে হলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামে নামতে হতো। তারপরই তাকে পেত একটি দল। তবে এখন এমন কিছুই করতে হবে না আইপিএলের ক্লাবগুলোকে। কেননা তিনি আগামী ১৯ ডিসেম্বরে হতে যাওয়া নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর এমনটি তিনি করেছেন বোর্ডের নির্দেশনা মেনে। 

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে তাকে ফেরানোর পরিকল্পনা রয়েছে ইসিবির। তাই আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ তিনিও মেনে নিয়েছেন। কেননা বিশ্বকাপের আগে দুই মাসের বেশি সময় ধরে চলবে আইপিএল। তাই বিশ্বকাপের আগে আর্চারকে সেখানে না পাঠিয়ে, তার দেখভাল নিজেদের তত্ত্বাবধানে রেখে করতে চায় ইংলিশ বোর্ড।

২৮ বছর বয়সী এ ডানহাতি ফাস্ট বোলার আইপিএলেই সবশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছিলেন। যদিও সদ্য সমাপ্ত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের রিজার্ভ খেলোয়াড় হিসেবে ভারতে গিয়েছিলেন। তবে সেখানে এক সপ্তাহের বেশি তিনি থাকতে পারেননি। মুম্বাইয়ে অনুশীলনের সময় আবার কনুইয়ে ব্যথা হয় তার। তাই তিনি দেশে ফিরে যান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর্চারকে সুস্থ করে তুলতে ব্যস্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০১৯ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ পাইয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন আর্চার। তাই তাকে তারা হারাতে চাচ্ছে না।

No comments