শিরোনাম

কোপায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বিশ্বকাপের পর ফুটবল ইতিহাসের সবচেয়ে পুরোনো আসর কোপা আমেরিকা। যা লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এই টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি এখনো ৬ মাস। তবে তার উত্তাপ এখন থেকেই ছড়াতে শুরু করেছে। গত সোমবার (৪ ডিসেম্বর) চূড়ান্ত করা হয়েছে ভেন্যু। সেই সঙ্গে একটি খসড়া সূচিও জানিয়ে দেয়া হচ্ছে। আর তাতেই নিশ্চিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের দিনক্ষণ। চূড়ান্ত সময় আর প্রতিপক্ষ জানা না গেলেও জানা গিয়েছে কোন তারিখে মাঠে নামবেন লিওনেল মেসি-নেইমার জুনিয়ররা। 

আগামী বছরের জুনে কোপা আমেরিকার ৪৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে। এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ। ২০১৬ সালের পর আবারো ১৬ দলে ফিরেছে কোপা আমেরিকা। আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) হবে টুর্নামেন্টের গ্রুপিং। 


আরও পড়ুন: যে সমীকরণে কোপা আমেরিকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

কনমেবল জানিয়েছে কোপা আমেরিকার উদ্ভোধনী ম্যাচটি হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। আর ১৪ জুলাই ফাইনাল হবে মেসির ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।

এদিকে গ্রুপ চূড়ান্তের আগেই সেরা চার দলের অবস্থান চূড়ান্ত করেছে কনমেবল। আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে যথাক্রমে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বেছে নেয়া হয়েছে। এতে করে দেখা যাচ্ছে গ্রুপ পর্বের ফলাফল যাই হোক ফাইনালের আগে দেখা হবে না ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো ম্যাচ।

আরও পড়ুন: চূড়ান্ত হলো কোপা আমেরিকার ১৪টি ভেন্যু, ফাইনাল হবে মেসির মায়ামিতে

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপের চতুর্থ দল। খেলা হবে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। 

চারদিন পর বিশ্বচ্যাম্পিয়নদের পরের ম্যাচ ২৫ জুন মঙ্গলবার। যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপের তৃতীয় দল। ম্যাচটি হবে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। আর শেষ ম্যাচ হবে শনিবার (২৯ জুন) যেখানে প্রতিপক্ষ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়াম। 

আরও পড়ুন: বোর্ডের নির্দেশে আইপিএল থেকে নাম প্রত্যাহার বিশ্বজয়ী তারকা ক্রিকেটারের

খসড়া সূচি অনুসারে ‘এ’ গ্রুপ থেকে যারা শেষ আট নিশ্চিত করবে তাদের ম্যাচগুলো হবে ৪ অথবা ৫ জুলাই। ম্যাচের ভেন্যু আর্লিংটন বা হিউস্টনে হবে তাদের ম্যাচ। আর শেষ আটের বাধা পেরুতে পারলে সেমিতে আর্জেন্টিনার ম্যাচ হবে ৯ জুলাই। সেই ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম।।

টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ ব্রাজিল। টুর্নামেন্ট ২০ জুন শুরু হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামবে ২৪ জুন। ডি গ্রুপের ১ম দল হিসেবে তাদের প্রতিপক্ষ গ্রুপের ৪র্থ দল। ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ার ইনিংউডের সোফি স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি হবে শুক্রবার (২৮ জুন), প্রতিপক্ষ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দল। ম্যাচের ভেন্যু নেভাদার বিখ্যাত লাস ভেগাস শহরে। 

শেষ ম্যাচ খেলতে সেলেসাওরা আবার ফিরে আসবে ক্যালিফোর্নিয়ায়। ২ জুলাই সান্তা ক্লারার লিভাই স্টেডিয়ামে হবে তাদের গ্রুপের শেষ ম্যাচ। প্রতিপক্ষ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল।

কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের ম্যাচ থাকবে ৬ জুলাই। অ্যারিজোনা বা লাস ভেগাসে খেলতে হবে তাদের। আর সেমিফাইনালে যেতে পারলে সেলেসাওরা উড়াল দেবে নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। 

দুই দলের মধ্যে সেমিফাইনালের আগে পর্যন্ত দেখা হওয়ার কোন সুযোগই থাকছে না। তবে ফাইনালে দেখা হয়েই যেতে পারে। সেক্ষেত্রে মায়ামি শহরের আইকনিক হার্ড রক স্টেডিয়ামে দেখা যাবে ফুটবল বিশ্বের বড় দুই দলকে। ১৪ জুলাই সেখানেই হবে ৪৮তম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। 

No comments