ধুনটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ৩১ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ ডিসেম্বর সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানি রোকেয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বৃত্তি পরিক্ষায় স্থানীয় ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। যার মধ্যে চতুর্থ শ্রেণীতে ১৩৫ জন ও সপ্তম শ্রেণীতে ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন, সাধারণ সম্পাদক আল ইমরান মুকুল, সিরাজগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ, প্রয়াত শাহজালাল মুন্সির সন্তান রফিকুল ইসলাম ফেরদৌস, শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষা সচিব শফিকুল ইসলাম মাস্টার, জিএমসি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী, অবসর প্রাপ্ত শিক্ষক নুরুল আমীন চাঁন, আমেনা ময়েন অলোয়া মথুরাপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক কামরুজ্জামান আখের, ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি বিষয়ক অন্যতম সহযোগী টিএম সোহাগ হোসেন প্রমুখ।
দক্ষিণ ধুনটের শিক্ষা বিস্তারে সর্বজনস্বীকৃত আলোকিত মানুষ প্রয়াত শাহ জালাল মুন্সির স্মৃতিতে ১৯৯২ সালে ধুনট উপজেলার নিভৃত পল্লীগ্রাম ছাতিয়ানীতে শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। অনেকেই শাহ জালাল মুন্সিকে সম্মানের সাথে স্যার হিসেবে সম্বোধন করতেন। শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রতিবছর নানামুখী কর্মকাণ্ড সম্পাদন হয়ে থাকে। এর মধ্যে গরীব অসহায় ছাত্র ছাত্রীদের শিক্ষা সহায়তা, শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ, এলাকার গুণীজনদের সংবর্ধনা, ক্রীড়া ও সাহিত্য চর্চায় সহায়তা। সর্বোপরি একটি আলোকিত সমাজ গড়ার মহান ব্রত নিয়ে আলোর দিশারী হিসেবে সুদীর্ঘ ৩১ বছর ধরে কাজ করে যাচ্ছে শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন।

No comments