শিরোনাম

কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

রাজধানীর আফতাবনগরে একটি কুকুরের মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে রোমানা আফরোজ (৩০) নামের এক নারী বাড্ডা থানায় একটি কুকুর হত্যা সন্দেহে জিডি করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন গাজী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কুকুরটির নাম ছিল কুকি। আর তার দেখাশোনা করতেন রোমানা।

জিডিতে রোমানা অভিযোগ করেছেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কিছুক্ষণ পর মৃত অবস্থায় পাওয়া যায় কুকুরটিকে। যা হত্যা বলে ধারণা করছেন তিনি।

রোমানা এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়াই প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করা হবে বলে তাকে হুমকি দেন। এরপর বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাদের মধ্যে একটিকে খুঁজে পাননি।

এ ব্যাপারে রোমানা বলেন, কুকি নামের কুকুরটিকে খুঁজে না পেয়ে নিরাপত্তারক্ষীদের কাছে আমি জানতে চাই। তারা প্রথমে বিষয়টি স্বীকার করছিল না। পরে জানায় ট্রাকচাপায় মারা গেছে কুকুরটি। এরপর আমি খোঁজাখুঁজির পর এলাকার এম ব্লকের পেছনে কুকুরটির মরদেহ পাওয়া যায়। কুকুরটির শরীরে সেভাবে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আর গলায় বেল্টও ছিল না।


No comments