শিরোনাম

বগুড়ায় আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়া অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৮ শে নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় বগুড়া সদরের সূত্রাপুরস্থ সদর এলএসডি প্রাঙ্গণে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বগুড়া সদর এলএসডিতে ৫২.৫৬০ মেট্রিকটন চাল ও ৩ মেট্রিকটন ধান ক্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া জেলার ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায়, সেই দিকটি বিবেচনায় নিয়ে সরকার ৩০ টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তিনি শতভাগ বিধি নিষেধ অনুসরণ করে ধান ও চাল ক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

তিনি বলেন, যারা বিধি নিষেধ অমান্য করে ধান-চাল ক্রয় করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক আরো বলেন কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় সেটি কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

কৃষক গুদামে ধান নিয়ে আসার আগে কৃষি বিভাগের কর্মকর্তারা ধানের আদ্রতা ঠিক করে দিবেন, এটি করা হলে কৃষককে গুদামে ধান নিয়ে এসে ফেরত যেতে হবে না।

অনুষ্ঠানের সভাপতি, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন তার বক্তব্যে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও মিলারদের সাথে নিবিড় যোগাযোগ রেখে জেলার নির্ধারণ করা লক্ষ্য মাত্রার ধান-চাল সফলভাবে সংগ্রহ করতে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আহ্বান জানান।

উল্লেখ্যঃ চলতি আমন মৌসুমে বগুড়া জেলায় ৩০ টাকা কেজি দরে ৭০৪৩ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ২১২৫৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২৩ নভেম্বর ২০২৩ ইং তারিখ হতে শুরু হওয়া এই ধান-চাল সংগ্রহ অভিযান ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলবুর রহমান, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া; সদর উপজেলা নির্বাহী অফিসার, ফিরোজা পারভীন; এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, বগুড়া সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী, জেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যগণ, কৃষক ও মিল মালিকরা।

No comments