মনোনয়ন কিনেছেন শেখ হাসিনা | Bogura TV | বগুড়া টিভি
দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ শনিবার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন। গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর পক্ষে এই মনোনয়ন সংগ্রহ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শুক্রবার বিকেল ৩ টায় ঢাকার তেজগাঁও জেলা কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী মনোনয়ন ফরম বিক্রি শুরু করবেন এবং নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
এদিকে আজ শনিবার থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত দলীয় ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবেদনগুলি গ্রহণ এবং জমা দেওয়া যাবে।
দলীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের বঙ্গবন্ধু এভিনিউয়ের ২৩ নম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক বিভাগের বুথে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের তৃতীয় তলা থেকে মনোনয়নপত্র সদর দপ্তরের দ্বিতীয় তলায় বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে।
এতে আরও বলা হয়, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদেরকে প্রার্থীর নিজের বা প্রার্থীর যোগ্য প্রতিনিধির মাধ্যমে কোনো অতিরিক্ত লোক সমাগম না করে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

No comments