শিরোনাম

বড় ভাইয়ের গুলিতে আহত আ.লীগ নেতা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

নীলফামারীর জলঢাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই সিরাজুল হক বসুনিয়া (৬০) আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী মডেল ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সিরাজুল হক বসুনিয়া কৈমারী বাজার গ্রামের বাসিন্দা। তিনি কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক। তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় ভাইয়ের নাম সাইদুল ইসলাম বসুনিয়া (৬৫)। ছোট ভাই সিরাজুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে তার বেশকিছু দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে সাইদুল ইসলাম তার নিবন্ধিত শটগান দিয়ে ছোট ভাই সিরাজুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

গুলিটি সিরাজুলের বুকের পাশে লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জলঢাকা থানার ওসি মো. মুক্তারুল আলম গণমাধ্যমকে বলেন, বেশ কয়েক দিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর জলঢাকা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সুস্থ আছেন জানতে পেরেছি। পরিবার থেকে এখনো কেউ মামলার জন্য আসেনি।

No comments