এলএলবি পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেপ্তার মহিলা দলের নেত্রী | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
পরীক্ষার হল থেকে বের হয়েই গ্রেপ্তার হলেন বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে তাকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে গ্রেপ্তার করে র্যাব-১২।
নাজমা আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, নাজমা আক্তার বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ড ভ্যান ও ট্রাকে অগ্নিসংযোগ আর বিস্ফোরক মামলার আসামি। গত ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
র্যাবের কমান্ডার আরও বলেন, গ্রেপ্তারের পর নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানা পুলিশের তদন্ত (পরিদর্শক) মো. শাহিনুজ্জামান বলেন, র্যাব নাজমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা বিকেলে তাকে আদালতে পাঠিয়ে দিয়েছি।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়া পর কাউকে গ্রেপ্তার করা প্রহসনের সামিল। এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা।
উল্লেখ্য, বিএনপি জামায়েতের ডাকা একদিনের হরতাল এবং তিনদিনের অবরোধকে কেন্দ্র করে ১৬ মামলায় তিন শতাধিক নামীয় এবং অসংখ্য অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
১৬টি মামলার মধ্যে ১৪টি মামলার বাদী পুলিশ এবং বাকি দুইটি মামলা করেছেন আওয়ামী লীগ নেতা। এসব মামলায় গ্রেপ্তার আতংকে রয়েছেন নেতাকর্মীরা।

No comments