নারায়ণগঞ্জে মিছিল থেকে ১৬ জামায়াত নেতাকর্মী আটক | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
নারায়ণগঞ্জে মিছিল থেকে ১৬ জামায়াত নেতাকর্মী আটকবিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলছে দেশব্যাপী। এই কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ করছে দলটির নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করলে ১৬ জামায়াত নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে জামায়াতের নেতা-কর্মীরা। নব নির্মিত নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য বিষয়ক উপ-সম্পাদক তামিম ইসলাম জয় জানান, আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকালে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি শুরু করি। মিছিল নিয়ে আমরা নাগিনা জোহা সড়কের হাজীগঞ্জের দিকে যেতে থাকি। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
আমরা তাদেরকে ধাওয়া দিলে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা ১২ জনকে ধরে ফেলি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও চারজনকে আটক করে। পরে এই ১৬ জনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় ১৬ জন জামায়াতের নেতা-কর্মীকে আটক করা হয়।

No comments