শিরোনাম

নোয়াখালীতে ইয়াবাসহ আটক ৩ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং নোয়াখালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৫শত ৫০পিস ইয়াবা জব্দ করা হয়। রোববার (১৯ নভেম্বর) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, নোয়াখালী পৌর এলাকার মাস্টারপাড়া এলাকার নূর নবীর মেয়ে নাজমা আক্তার (৩৯), কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার উত্তরধুরুং গ্রামের আবদুস সাত্তারের ছেলে জয়নাল আবেদিন (৪৮) ও চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)।

জানা যায়, রবিবার সকালে পুলিশ হরতালের ডিউটির সময় চৌমুহনী চৌরাস্তায় জামে মসজিদ সংলগ্ন ৩ থেকে ৪জন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। তাদের গতিবিধি সন্দেজনক হওয়ায় পুলিশ এগিয়ে গেলে একজন পালিয়ে যেতে চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে জয়নাল আবেদিন নামে একজনকে আটক করে।

এসময় ফুটবল খেলার এ্যাংলেট পায়ে লাগিয়ে বিশেষ কায়দায় আনা ৯ হাজার ১শত ৫০পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগি ইসমাইল হোসেন টিপুকে আটক করা হয়। তাদের উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর মাস্টার পাড়া এলাকার সিরাজ মঞ্জিলে অভিযান চালানো হয়। এসময় ওই বাসার ভাড়াটিয়া নাজমা আক্তারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ৪শত পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ মাদক উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments