শিরোনাম

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-৩ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় চোর সন্দেহে জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।


২০শে নভেম্বর (সোমবার) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে আশরাফুল ইসলাম, মটু ইসলাম এবং সিয়াম হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দিন।

এর আগের দিন রবিবার রাত ১০টার দিকে শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার কিশোর ছেলে জয় ইসলামকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।

মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মটুর বাড়িতে প্রবেশ করে জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে মটুর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এসময় ভয়ে জয় একটি গাছের উপরে উঠে। পরে মটু ও আশরাফুল তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে। এর মধ্যে চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকাবাসী সবাই মটুর বাড়িতে আসে। এরপর জয়কে গণপিটুনি দেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ইন্সপেক্টর ফইম উদ্দীন বলেন, কিশোর জয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা স্বাধীন বাদী হয়ে ১০জন নামীয় এবং অজ্ঞাত ২০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার মূল তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments