জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তার ১ | Bogura TV | বগুড়া টিভি
জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনায় বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মাসুদ রানা (৪৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাসুদ রানা (৪৫) জেলার আক্কেলপুর উপজেলার পুর্ব রুকিন্দীপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য।
রোববার (১৯ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাকার মাথা-বটতলী বাইপাস সড়কের চকদাদরা ফকিরপাড়া গ্রামস্থ খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে বিনশাড়া এলাকায় সড়কে ৮/১০ জন দুর্বৃত্তরা এসে পিকআপে ভ্যানটিতে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনায় রোববার সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদুল হক আদনানসহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০/৩৫ জন বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে।
র্যাব আরও জানায়, উক্ত ঘটনার পর অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার এজাহার নামীয় আসামি মাসুদ রানাকে সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments