কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে স্বামী আবদুর রবকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দিয়েছেন।
এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। যৌতুকের টাকা না পেয়ে স্বামী আবদুর বর স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যা করে। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের বাতাবাড়িয়ার আবদুর রবের সঙ্গে বিয়ে হয় ঝর্ণা আক্তারের। বিয়ের পর থেকেই আসামি আবদুর রব ঝর্ণাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে। বিভিন্ন সময় ঝর্ণাকে দিয়ে শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকা আদায়ও করে।
পরে এক সময় আসামি আবদুর রব আরও একটি বিয়ে করে। এরপর থেকে ঝর্ণা যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানায়, এতে তার ওপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। টাকা না দিলে ঝর্ণাকে মেরে ফেলার হুমকিও দেয় আবদুর রব।
২০১০ সালের ২৯ নভেম্বর রাত আড়াইটায় আসামি আবদুর রবের মা রাবেয়া আক্তার ঝর্ণার বাবাকে ফোন করে জানায়-আবদুর রব তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে মারধর করে হত্যা করে। পরে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে ঝর্ণার মরদেহ দেখতে পায় শামসুল হক।
পরদিন ৩০ নভেম্বর শামসুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে পুলিশ আসামি আবদুর রবকে আটক করে। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

No comments