ছুটে যাওয়া হাতির শুঁড়ের, আঘাতে কিশোরের মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে হাতির শুঁড়ের আঘাতে মুফাসসির (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুফাসসির নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত থেকে মানিকড়া গ্রামের জনৈক মোশাররফের আম বাগানে দুটি হাতি বেঁধে রেখে এর মাহুতরা খেতে যায়, এক পর্যায়ে হাতি দুটি গাছের ডাল ভেঙে ছুটে যায়।
সকাল থেকে ওই আম বাগানে হাতি দুটিকে দেখতে জমায়েত হয় উৎসক মানুষ। এসময় তারা হাতি দুটিকে আটকের চেষ্টাও চালায়। এক পর্যায়ে হাতি দুটি উত্তেজিত হয়ে পড়ে। সেখানে থাকা কিশোর মুফাসসিরকে একটি হাতি শুঁড় দিয়ে ধরে আছাড় দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে, নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, দুইটি হাতির মধ্যে গ্রামবাসী পরে একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রাখে। অন্য হাতিটি এখনো আটক করা সম্ভব হয়নি। রাজশাহী হতে বন কর্মকর্তার কর্যালয়ে জানানো হয়েছে, সেখান থেকে কর্মকর্তারা আসছেন। স্থানীয়দের নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

No comments