এবার খেজুরের রস পানে নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
মানিকগঞ্জের মান্তা গ্রামে খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল হোসেন (৩৫) নামে কসমেটিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডী পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল।
নিহত মো. বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। পেশায় তিনি কসমেটিক ব্যবসায়ী ছিলেন।
পুটাইল ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ জানান, গত ১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস পান করে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান তিনি। রোববার বেলা এগারোটার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
সংরক্ষিত নারী ইউপি সদস্য রুবিয়া পারভিন জানান, এর আগে গত ১৬ জানুয়ারি তার ওয়ার্ডের ঘোস্তা জাহাঙ্গীরনগড় গ্রামে খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় নাজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)।
তিনি আরও জানান, লুৎফর খেজুরের কাঁচা রস পানের পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি মারা যায় লুৎফর। এ নিয়ে গত দুই সপ্তাহে তার নির্বাচিত এলাকায় খেজুরের রস পান করে নিপা ভাইরাসে দুই গ্রামে দুইজন মারা যায় বলে জানান তিনি।
মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, নিহত বাবুল হোসেন গত ১৬ ও ১৭ জানুয়ারি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। চারদিন আগে গত ২৪ জানুয়ারি পরীক্ষায় তিনি নিপা ভাইরাসে পজিটিভ হন। আর গতরাতে ঢাকায় তিনি মারা যান।

No comments