ভোটকেন্দ্রের বাইরে প্রকাশ্যে গুলি করছেন ছাত্রলীগ কর্মী শামীম | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের খুলশী এলাকায় পাহাড়তলী কলেজের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে একজনকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি করতে দেখা যায়। রোববার (৭ জানুয়ারি) সকালের এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে ছাত্রলীগ কর্মী শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়েন। তিনি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী বলে জানা গেছ। গোলাগুলি-সংঘর্ষের পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাদের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) বলেন, আমি কন্ট্রোল রুমে আছি। প্রিসাইডিং কর্মকর্তা থেকে শুনেছি, ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

No comments