শিরোনাম

নৌকার প্রার্থী আব্দুল হাইসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা | Bogura TV | বগুড়া টিভি


নৌকার প্রার্থী আব্দুল হাইসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছবিঃ প্রতিনিধি
বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ

ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহের একটি আদালত। গত ২৪ নভেম্বর দায়েরকৃত মামলায় গরহাজির থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম ইসির নির্দেশে এই মামলাটি করেন।

মামলার অন্য দুই আসামী হলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও স্থানীয় সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

আদালত সুত্রে জানা গেছে, বুধবার (৩ জানুয়ারি) শৈল-সিআর ৫৫০ ও ৫৫১ মামলায় আব্দুল হাইসহ তিন জনকে আদালতে হাজির হওয়ার কথা থাকলে তারা গরহাজির ছিলেন। ফলে ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতের বিচারক ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম খবরটি নিশ্চত করে বলেন, আচরণ বিধি লংঘনের দায়ে আসামীদের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর মামলা করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে আরো দুইটি মামলা চলমান রয়েছে। অপরদিকে আব্দুল হাইয়ের ঘনিষ্ট হেলাল উদ্দিন জানায়, ইসির দায়ের করা মামলায় জামিন নিতে বুধবার তিনি হাইকোর্টে ছিলেন। 

ফলে উচ্চ আদালত থেকে জামিন পেলেও যথাসময়ে আদালতের রিকল ঝিনাইদহের আদালতে পৌছায়নি। এ কারণে গরহাজির দেখিয়ে বিজ্ঞ আদালত গ্রেফরাতি পরোয়ানা জারি করেন।

No comments