দুপচাঁচিয়ায় ৫৭ টি কেন্দ্রে পুলিশ ও আনসারের ৭৪১জন সদস্য দায়িত্ব পালন করবেন। | Bogura TV | বগুড়া টিভি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় ৫৭টি কেন্দ্রে পুলিশ ও আনসারের ৭৪১ জন সদস্য দায়িত্ব পালন করবেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া ) আসনের দুপচাঁচিয়ায় ৫৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া লক্ষ্যে নির্বাচন কমিশন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। ৫৭ টি কেন্দ্রে ৫৭ জন প্রিসাইডিং অফিসার, ৩’শ ৪০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬’শ ৮০ জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
ভোটাররা যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১জন করে পুলিশ সদস্য ও ১২ জন করে ( ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা ) আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
সেই সঙ্গে র্যাব, বিজিবি ও পুলিশের টহল টিম আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৩জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী পুরো নির্বাচনী এলাকায় টহল দিবেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪’শ ২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬২ হাজার ৭০ জন ও মহিলা ভোটার ১লাখ ৬২ হাজার ৩’শ ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার। এ আসনে দলীয় ও স্বতন্ত্র সহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, নিবার্চন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জান্নাত আরা তিথি জানান, এ উপজেলার ৫৭ টি কেন্দ্রে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments