৩৩ ফাউলের ম্যাচে পিছিয়ে পড়ে কোনোমতে ড্র আর্জেন্টিনার | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো, অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ চেয়েছিলেন প্যারিস অলিম্পিকে খেলুক বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। তাদের সেই ইচ্ছারই যেন প্রতিফলন হতে চলেছে। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস অলিম্পিকে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন মেসি। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের সঙ্গে অলিম্পিক খেলতে চান বিশ্বজয়ী ডি মারিয়াও। তবে তারা চাইলেই যে অলিম্পিকে খেলতে পারবেন বিষয়টি এমনও নয়। তার জন্য আগে বাছাই পর্ব উৎরাতে হবে আর্জেন্টিনাকে।
গতকাল শনিবার (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে অলিম্পিক ফুটবলের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। যেখানে হোঁট খেতে খেতে বেঁচে গেছে ২০০৮ অলিম্পিকে স্বর্ণজয়ীরা। প্যারাগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়েছে মাসচেরানোর শিষ্যরা। গ্রুপের অন্যদলগুলো হলো- চিলি, পেরু ও উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দুটি দল অলিম্পিকে খেলার সুযোগ পাবে। এ অঞ্চলের ১০টি দল দুটি ভাগে বিভক্ত হয়ে অংশ নিয়েছে বাছাই পবে। গ্রুপ এ তে ব্রাজিলের সঙ্গী ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া ও ইকুয়েডর। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।
রোববার (২২ জানুয়ারি) ভেনেজুয়েলার এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। যুবাদের ম্যাচটিতে মাঠে খেলার পাশাপাশি পেশিশক্তির প্রভাবও চোখে পড়ে। রেফারি দু’দলের ৩৩টি ফাউল কাউন্ট করেন। যেখানে আর্জেন্টিনা ১১টি ও প্যারাগুয়ে করে ২২টি।
ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। তাই গোলশূন্য বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল। কিন্তু স্রোতের বিপরীতে ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন দিয়েগো গমেজ। গোল খেয়ে তা শোধে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা।
ম্যাচের ৭৩তম মিনিটে রিভার প্লেটের ক্লদিও এচেভেরিকে মাঠে নামান মাসচেরানো। যাকে সম্প্রতি দলে ভেড়ানো নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯০ মিনিটে এচেভেরি কাস্ত্রোকে বল বাড়ান। কাস্ত্রোর পা হয়ে বল যায় গুনদোর কাছে, যিনি বল জালে জড়িয়ে আর্জেন্টিনার হার এড়ান। সেই সঙ্গে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার যুবারা। তবে এ গ্রুপের অপর ম্যাচে পেরু ১-০ গোলে চিলিরও বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে। এক ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। শীর্ষে থাকা পেরুর পয়েন্ট ৩।
ম্যাচ শেষে সুযোগ নষ্ট এবং তিন পয়েন্ট তুলতে না পারা নিয়ে আক্ষেপ করে কোচ মাসচেরানো বলেন, ম্যাচে আমরাই ভালো খেলছি। প্রথম ১৫-২০ মিনিটে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছি, কিন্তু কাজে লাগাতে পারিনি, দ্বিতীয়ার্ধে যা আমাদের ভুগিয়েছে।
আর্জেন্টিনার পরের ম্যাচ বুধবার পেরুর বিপক্ষে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ আগামীকাল, যেখানে প্রতিপক্ষ বলিভিয়া।
উল্লেখ্য, অলিম্পিকের সবশেষ দুই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। তাই এবার স্বর্ণজয়ের লক্ষ্যে নিয়ে প্যারিসে যেতে চায়। যার জন্য লিওনেল মেসি ও অ্যাঞ্জেলো ডি মারিয়া এবং জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর কথা ভাবছে এএফএ।

No comments