স্ত্রীর নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ায় অতিরিক্ত ডিআইজি মিলনকে বরখাস্তের অনুমতি ইসি’র | Bogura TV | বগুড়া টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
আজাদুর রহমানঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হামিদুল আলমকে সাময়িক বরখাস্তের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি তাকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করার বিষয়েও বলা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) ইসি’র উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়েছে।
ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তির অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাকে প্রস্তাবিত কর্মস্থলে সংযুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে।
এর আগে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে হামিদুল আলমকে তলব করে নোটিশ দিয়েছিলেন বগুড়া-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন।
ইসি জানায়, সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার বগুড়া-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন এ নোটিশ দেন। নোটিশে বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। এতে স্ত্রীর পক্ষে ভোট প্রচারণায় সত্যতা পাওয়া যায়।

No comments