শিরোনাম

বগুড়ায় ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেফতার

সাকিবুর রাইয়ান , বগুড়া টিভিঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পান-সিগারেটের দোকানীর মেয়েকে ধর্ষণের অভিযোগে জামাল মিয়া (৩২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক গ্রেফতার। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্ত জামালকে বগুড়া জেলা সদর থেকে গ্রেফতার করা হয়। জামাল বগুড়া সদরের খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়া জেলা সদরের চারমাথা এলাকার একটি পান-সিগারেটের দোকানের নিয়মিত ক্রেতা জামাল মিয়া। এই সুবাদে এই দোকানীর মেয়ের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। গত ১২ জানুয়ারি জামাল ভুক্তভোগী মেয়েকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। ওই মেয়ে জামালের প্রস্তাবে রাজি হয়ে বেলা ২টার দিকে তার সাথে ঘুরতে বের হয়। জামালের ব্যাটারিচালিত অটোরিকশাতেই তারা সারিয়াকান্দি কালিতলা ঘাট এবং প্রেম যমুনার ঘাটে ঘুরাঘুরি করে। ঘুরাঘুরির একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পারদেবডাঙ্গা সরকারপাড়া গ্রামের এক বাগানে নিয়ে ওই মেয়েকে ধর্ষণ করা হয়।

মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানালে গত সোমবার (১৫ জানুয়ারি)  ভুক্তভোগী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এবং মঙ্গলবার (১৬ জানুয়ারি) পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত জামালকে আজ বুধবার সকালে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

No comments