শিরোনাম

বগুড়ায় চেয়ারম্যান ও আলী'গ নেতা হত্যা চেষ্টার আসামী ধরাছোঁয়ার বাইরে | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মহসীন আলমকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী কাউকে এখনো শনাক্ত করতে পারেনি থানা পুলিশ। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালাতে দেখা গেছে।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে যে দুই জনকে দেখা গেছে, তাদের চেহারা অস্পষ্ট থাকায় তাদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম উপজেলা সদরের উল্লাপাড়া গ্রামের মেছের উদ্দীন মন্ডলের ছেলে। গত ১৩ নভেম্বর রাত পৌনে ৯ টায় রাজনৈতিক পরামর্শের জন্য তিনি পায়ে হেঁটে ধুনট শহরের ফলপট্টি থেকে হাসপাতাল সড়কের শাহ জালাল ক্লিনিকের দিকে রওনা হন। পথিমধ্যে ডাক বাংলোর সামনে পৌছালে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ২ যুবক ঘটনাস্থলে পৌছে তাকে হত্যার উদ্দ্যেশে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। কিন্ত চলন্ত মোটরসাইকেল থাকায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাত লক্ষভ্রষ্ট হয়ে মহসীন আলমের বাম হাতের বাহুতে লেগে কেটে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় মহসীন আলম বাদি হয়ে ১৫নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেন। তবে ওই মামলায় কোন আসামীর নাম উল্লেখ নেই। এদিকে ঘটনার ২০দিন অতিবাহিত হলেও পুলিশ হামলাকারীদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে মামলার বাদি ও আওয়ামী লীগ নেতা মহসীন আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম বলেন, মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকা থেকে সিসি ক্যামেরার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্ত ফুটেজগুলো অস্পষ্ট। তারপরও স্থানীয়দের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে হামলাকারীদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

No comments