বিনা পয়সায় মাঠে বসেই দেখা যাবে বাংলাদেশের ফাইনাল | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দলটি এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে একের পর এক চমক দেখিয়ে আসছে। টুর্নামেন্টটির গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম চমক দেখিয়েছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আর শুক্রবার (১৫ ডিসেম্বর) সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আইসিসির এই সহযোগী দেশের যুবারা। দেশটির ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে তারা।
নিজেদের ক্রিকেট ইতিহাসের এমন অর্জনের আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে দারুণ এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। রোববার (১৭ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে তারা। কোনো টাকা ছাড়াই গ্যালারিতে বসে ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা।
সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে আমি সমর্থকদের দলবেঁধে (গ্যালারি) আসতে অনুরোধ করব এবং অনুরোধ করব আমাদের তরুণ তারকাদের সমর্থন করতে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তারা আমাদের গর্বিত করেছে।’
‘দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববারের ফাইনাল দেখতে সমর্থকেরা মাঠে বিনা পয়সায় ঢুকতে পারবেন।’- বলেও বিবৃতিতে উল্লেখ করেন মুবাশ্বির।
No comments