ঢাকায় আজ কোথায় কখন কোন দলের কর্মসূচি | Bogura TV | বগুড়া টিভি
আজ রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এদিন রাজধানী ঢাকাসহ সারা দেশের জেলা সদরে গুমের শিকার ও খুন হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোও একই কর্মসূচি পালন করবে।
রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন অফিসের সামনে মানববন্ধন করবে গণতন্ত্র মঞ্চ। বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে মানববন্ধন করবে ১২ দলীয় জোট। একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট কর্মসূচি পালন করবে পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্সের সামনে।
এলডিপির নেতাকর্মীরা বেলা ১১টার দিকে থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। একই সময়ে গণফোরাম ও পিপলস পার্টি হাইকোর্টের সামনের সড়কে কদমফুল ফোয়ারার উল্টোদিকে এই কর্মসূচি পালন করবে। বিজয়নগর এলাকায় মানববন্ধন কর্মসূচি করবে গণ অধিকার পরিষদ (নূর)।
জাতীয় প্রেসক্লাবের উল্টোদিকের সড়কে বেলা ১১টায় কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য। গণ অধিকার পরিষদ (কিবরিয়া) পুরানা পল্টনে দলীয় অফিসের সামনে বেলা ১১টার দিকে মানববন্ধন করবে। দুপুর ১২টায় তোপখানা রোডে মেহেরবা প্লাজার সামনে থাকবে লেবার পার্টি। দুপুর ৩টায় বিজয়নগরে ৭১ হোটেলের সামনে একই কর্মসূচি পালন করবে এবি পার্টি।
এ ছাড়া বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের আজ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।

No comments