শীত-কুয়াশা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
রাতের তাপমাত্রা আজ সোমবার (১১ ডিসেম্বর) সামান্য কমতে পারে। আর কুয়াশা পড়বে মধ্যরাত থেকে। এছাড়া আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দেশের অন্যান্য এলাকায়ও এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে সারাদেশের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরেনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীত অনুভূত হয়। গতকাল তেঁতুলিয়া ছাড়াও দেশের বেশকিছু অঞ্চলে তাপমাত্রা কম ছিল। এর মধ্যে ১৪ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মাঝে তাপমাত্রা ছিল দিনাজপুর, নওগাঁর বদলগাছী, নীলফামারীর, সৈয়দপুর ও বগুড়ায়। দেশের আরও কিছু অঞ্চলের তাপমাত্রা ১৬ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আর গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের এক মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
No comments