শিরোনাম

‘নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে আপনার নাম কাটা যাবে’ দুলু | Bogura TV | বগুড়া টিভি

‘নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে আপনার নাম কাটা যাবে’ দুলু

আজাদুর রহমানঃ
 
নৌকায় ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে ভোটার আইডি থেকে নাম কাটা যাবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। শাজাহানপুর উপজেলায় নির্বাচনী জনসভায় নারী ভোটারদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দেওয়া তার বক্তব্যের ৪ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে এমন বক্তব্য দিতে দেখা যায়।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার ওই সভা ছিল বগুড়া-৭ (শাজাহানপুর ও গাবতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু। তিনি সভামঞ্চে উপস্থিত ছিলেন। এ ছাড়াও মঞ্চে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীনকে বসে থাকতে দেখা যায়। 

দুলু তার বক্তব্যে বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন। সেই শেখ হাসিনাকে (নৌকা) ভোট দিবেন না, অন্য কাউকে ভোট দিবেন– তাহলে ভোটার আইডি কার্ড থেকে আপনার নাম আবার কর্তন হয়ে যাবে। 

এরপর তিনি বর্তমান সরকারের উনয়নমূলক কাজ ও পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সরকার এতকিছু করার পরেও যদি তাকে ভোট না দেন তাহলে কি আপনাদের নাম আর থাকবে? এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি মোস্তফা আলম নান্নু, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু নান্নুর কোনো কলঙ্ক নেই। তাই তাকে ভোট না দিয়ে কি চোর-বাটপারদের ভোট দিবেন?’

এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন, ‘আমি আসলে ওই সেন্সে বক্তব্য দেইনি। বলতে চেয়েছি এই সরকার আপনাদের নাম দিয়েছে বিভিন্ন জায়গায়। নৌকায় ভোট না দিলে অন্য কেউ আসলে আপনাদের নাম তখন কাটা যেতে পারে।’

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কেউ যদি কোনো প্রার্থীর পক্ষে এমন বক্তব্য দেন, তাহলে সেটি আচরণবিধি লঙ্ঘন। আমরা খতিয়ে দেখছি। কোনো প্রার্থী অভিযোগ করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

No comments