শিরোনাম

মুশফিকের সেই আউট নিয়ে যা বললেন মিরাজ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

অভিজ্ঞ মুশফিকুর রহিম নিজেও হয়তো বুঝে উঠতে পারেননি কী করেছেন তিনি। অদ্ভুতভাবে আউট হলেন মুশফিক, যা ক্রিকেট ইতিহাসেই বিরল। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিংয়ের সময়ে হাত দিয়ে বল আটকিয়ে অঘটনের জন্ম দেন তিনি। নিউজিল্যান্ডের আবেদনের প্রেক্ষিতে আউট দেয়া হয় মুশফিককে। এই ধরনের আউটকে ক্রিকেটে বলা হয় ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক।


আজকের খেলা শেষে নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা মিচেল স্যান্টনারের মনে হয়েছে, ‘এটি আউট হওয়ার ভালো উপায় ছিল না।’ 

তবে এই ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ নিয়ে বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাখ্যা ছিল এমন, ‘দেখুন, এটা তো ইচ্ছাকৃতভাবে হয়নি। খেলার ফ্লোতে হয়ে গেছে। জিনিসটা হয় কী, তিনি তো ইচ্ছেকৃতভাবে এটা করেননি। কিন্তু জেনেশুনে কেউ কখনো আউট হতে চায় না। ফ্লোতে খেলতে গিয়ে হয়ে গেছে এ রকম।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা মিরাজকে মুশফিকের আউট নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। প্রতিবারই তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন, ‘আপনি দেখুন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু হয়। এটা তো ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয়, মুশফিক ভাই যে আউটটা হয়েছে। ফ্লোতে মনে করেন চলে গেছে।’

মিরাজ বলেন, ‘আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, এটা তো আপনি দেখেন ফ্লোতে হয়ে গেছে। আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে, না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছেন, এটা ফ্লোতে হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে করা হয়নি। সেটা করা হলে তো ব্যাটসম্যানের জন্য কঠিন, আউট হয়ে যাবে।

No comments