শিরোনাম

দেশে ফিরছে চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিসিবির পক্ষ থেকে থাকছে যেসব আয়োজন | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। পুরো আসরজুড়েই দারুণ পারফরম্যান্স করা যুব টাইগাররা প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এশিয়া কাপের শিরোপা জয়ের পর যুবাদের বরণ করে নিতে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। বিমানবন্দরে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বিসিবি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিমানবন্দরে পৌঁছালে বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের গ্রহণ করবেন। সেখানে বাংলাদেশ দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে যুবাদের নিয়ে যাওয়া হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সেখানে শিরোপা জয়ী যুবারা সংবাদমাধ্যমের সামনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাবেন।

এছাড়া মঙ্গলবারও (১৯ ডিসেম্বর) ব্যস্ত সময় পার করতে হবে বাংলাদেশ দলকে। বিসিবির পক্ষ থেকে তাদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে যুবাদের জন্য কেক কাটার ব্যবস্থাও থাকবে আগামীকাল। 


No comments