শাজাহানপুরে মাটি ব্যবসায়ীর ড্রাম ট্রাকের চাপায় প্রাণ হারালেন শিক্ষার্থী | Bogura TV | বগুড়া টিভি
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরের নিজ পুকুরে মাটি ভরাট করতে গিয়ে মাটি ব্যবসায়ীর ড্রাম ট্রাকের চাপায় প্রাণ হারালেন মেধাবী শিক্ষার্থী তারেক রহমান রাকিব (৩২)। তিনি উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমন পুকুর জায়দার পাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। ২০০৮ সালে রাকিব মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ২০১০ সালে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
রাকিব সরকারি আজিজুল হক কলেজে অর্নাস ৩য় বর্ষ (হিসাববিজ্ঞান) বিভাগে অধ্যায়নরত ছিলেন। তিনি খরনা ডোমনপুকুর বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। বৈবাহিক জীবনে তার একটি ৭ বছরের ছেলে সন্তান রয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ ঘটিকায় ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়সূত্রে জানাগেছে; অজ্ঞাত এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে রাকিব নিজের পুকুর ভরাট করতে মাটি ক্রয় করেন। রবিবার দিবাগত রাত ২টা থেকে শুরু হয় পুকুরে মাটি ভরাটের কাজ। এমতাবস্থায় ভোর ৪ টায় রাকিব ফজরের সুন্নত নামাজ বাড়িতে আদায় করে ফরজ নামাজ মসজিদে আদায় করতে জায়নামাজ হাতে নিয়ে বাড়ি থেকে বের হন।
এমন সময় তার পুকুরে ভরাট কাজে ব্যবহৃত একটি অজ্ঞাত ড্রাম ট্রাক মাটি দিতে আসে। এসময় ড্রাইভারের অসাবধানতাবশত রাকিবকে গাছের সাথে চাপা দেয়। ড্রাইভার তৎক্ষণাৎ মাটি পুকুরে ফেলে দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে গ্রামবাসী জানতে পেরে রাকিবকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভের বিরাজ করছে।
এঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিজের পুকুরে মাটি ভরাট করতে গিয়ে ট্রাকের ধাক্কা লেগে রাকিব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনী কোন ব্যবস্থা না নেয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments